স্পোর্টস ডেস্ক : গৌতম গম্ভীর ভারতের কোচের দায়িত্ব নেয়ার পর ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজেই নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। অস্ট্রেলিয়ায় গিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিও খুইয়ে এসেছে তার দল। তবে ইংল্যান্ডে গিয়ে অ্যান্ডারসন-গাভাস্কার ট্রফি ড্র এবং দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সমালোচকদের মুখ বন্ধ করতে পেরেছিলেন গম্ভীর।
কিন্তু ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারত হেরে যাওয়ার পর নতুন করে সমালোচনার মুখে পড়েছেন গম্ভীর। তার অধীনে এই স্বল্প সময়েই ভারতীয়রা ঘরের মাঠে চারটি টেস্ট হেরেছে। ঘরের মাঠে এমন বাজে রেকর্ডের পরও অবশ্য সমর্থন পাচ্ছেন তিনি। ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলির মতে, এখনই কোচ গম্ভীরকে সরানোর প্রশ্নই আসে না।
তিনি বলেন, ‘এই মুহূর্তে গৌতম গম্ভীরকে বরখাস্ত করার কোনো প্রশ্নই ওঠে না।’ ইংল্যান্ডে ভালো ব্যাটিং পিচে কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমান গিলের 'অসাধারণ' পারফরম্যান্সের প্রশংসাও করেন তিনি। গাঙ্গুলি বলেন, ‘গৌতম কোচ হিসেবে ও শুভমান ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ডে দারুণ করেছে, আর আমি বিশ্বাস করি, তারা ভারতেও ভালো করবে।’
মন্তব্য করুন