স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর কার্লো আনচেলত্তি বারবার একই প্রশ্নের মুখে পড়ছেন- নেইমার কখন জাতীয় দলে ফিরবেন? সম্প্রতি এই প্রশ্ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলত্তি জানালেন, তিনি এতে বিরক্ত নন। তার মতে নেইমার ব্রাজিলের কিংবদন্তি, তাই এ ধরনের প্রশ্ন করাই স্বাভাবিক।
৩৩ বছর বয়সী নেইমার ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরিতে পড়েন। এক বছর পর তিনি ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে এখনও খেলেননি। চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের আল হিলাল থেকে ফিরে তিনি শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন, কিন্তু চোট ও আচরণগত বিতর্কের কারণে সমালোচনার মুখে পড়েন।
গত রোববার ফ্ল্যামেঙ্গোর কাছে হারের সময় কোচের বদলি সিদ্ধান্ত মানতে পারেননি নেইমার, যা সামাজিক মাধ্যমে সমালোচনার কারণ হয়। তবে সান্তোসের নির্বাহী পরিচালক আলেক্সান্দ্রে মাতোস তাকে সমর্থন জানিয়েছেন।
মাতোস বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের ভুল বোঝা হয়, কিন্তু তারা মানুষ, অনুভূতি প্রকাশ করে এবং চ্যালেঞ্জের মুখে আরও শক্তিশালী হয়। নেইমার বর্তমানে সান্তোসের হয়ে ১৫টি ম্যাচ খেলেছেন এবং ৩টি গোল করেছেন। ক্লাবটি ব্রাজিল শীর্ষ লিগে অবনয়ন ঠেকানোর জন্য লড়ছে, আর নেইমার চোট কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছেন।
মন্তব্য করুন