ডেস্ক নিউজ : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা সামান্য কমতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমে তে পারে।
শনিবার (১ নভেম্বর) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২ নভেম্বর (রোববার) ঢাকা ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। ৩ নভেম্বর (সোমবার) কেবল চট্টগ্রাম অঞ্চলের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে, অন্যত্র শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া থাকবে এবং ৪ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের দু’এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।
মন্তব্য করুন