আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তর সন্ত্রাসী হামলার মুখে পড়েছে বলে দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সোমবার এই হামলার ঘটনা ঘটে।
খবর ডনের। পাকিস্তানের ফেডারেল কনস্ট্যাবুলারি হলো একটি আধা-সামরিক বাহিনী যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করে। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়ান সাঈদ আহমদ বলেন, এফসি সদর দপ্তর বর্তমানে হামলার মুখে। আমরা পাল্টা ব্যবস্থা নিচ্ছি এবং পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, এফসি সদর দপ্তরের গেটে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণের পরপরই গুলির শব্দ শোনা যায়।
সূত্রগুলো জানায়, দুইজন সশস্ত্র জঙ্গিকে হত্যা করা হয়েছে, এবং নিরাপত্তা বাহিনী দ্রুতই এলাকা ঘেরাও করে ফেলে। এফসি পূর্বে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি নামে পরিচিত ছিল। গত জুলাই মাসে সরকারিভাবে নাম পরিবর্তন করে ফেডারেল কনস্ট্যাবুলারি রাখা হয়। এর সদর দপ্তর ব্যস্ত ও জনবহুল এলাকায়, এবং একটি সামরিক ক্যান্টনমেন্টের কাছেই অবস্থিত।
গত সেপ্টেম্বরেও কেপির বান্নু জেলায় এফসি সদর দপ্তরে একটি বড় হামলার চেষ্টা করা হয়, যেখানে ছয়জন সৈনিক এবং পাঁচজন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করে, এ ঘটনাটি ‘ভারতীয় প্রক্সি ফিতনা-আল-খারিজ’ দ্বারা পরিচালিত হয়েছিল। পাকিস্তানে ‘ফিতনা-আল-খারিজ’ শব্দটি সাধারণত টিটিপি-সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী নির্দেশ করতে ব্যবহৃত হয়।