ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ও বাসন্ডা ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহদি হাসান এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসন্ডা ইউনিয়নের আগরপাশা এলাকার ব্যবসায়ী আরাফাত রহমান নাবিল (পিতা: দেলোয়ার হোসেন) কে ৮০ হাজার টাকা, এবং বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা এলাকার ব্যবসায়ী মশিউর রহমান (পিতা: মজিবর রহমান) কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় এই জরিমানা আদায় করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান বলেন, স্থানীয় লোকের গোপন সংবাদের ভিত্তিতে সরকারী “খ” তফসিলের জমি থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলন করার প্রমান পাওয়ার অপরাধে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় জরিমানা করা হয়েছে।
পরিবেশ ও জনজীবনে বিরুপ প্রভাব পড়ায় এ ধরনের আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এছাড়াও উর্বর ভুমির মালিকদের জমির মাটি বিক্রি না করার জন্যে অনুরোধ করা হয়েছে। এসএম মেহদি হাসান আরো জানান, অবৈধভাবে নদী ও খাল থেকে বালু-মাটি উত্তোলন পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি করছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪০
মন্তব্য করুন