প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব

ডেস্ক নিউজ : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (১৯ এপ্রিল) সংগঠনের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তাব দেওয়া হয়। অতীতে তেলের দাম কমানোর সময় যে অনুপাতে ভাড়া কমানো হয়েছিল, সেই একই সূত্র মেনে এবার ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, বিআরটিএ সদর দপ্তরে অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে গোপনে ভাড়া বাড়ানোর বৈঠক করা হচ্ছে। তিনি বলেন, এর আগে ডিজেলের দাম তিন টাকা কমানোর সময় কিলোমিটার প্রতি ভাড়া তিন পয়সা কমানো হয়েছিল। এবার প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় ভাড়া ১৫ পয়সার বেশি বাড়ার সুযোগ নেই। মালিক সমিতির সুবিধার্থে আমলাতন্ত্রকে ব্যবহার করে অতিরিক্ত ভাড়া বাড়ানো হলে তা জনরোষ তৈরি করবে বলেও তিনি সতর্ক করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিগত সরকারের সময় মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের প্রভাবে একচেটিয়া ভাড়া নির্ধারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে যাত্রী স্বার্থ রক্ষায় বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধির সমানুপাতে যাত্রী ও ভোক্তা অধিকার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাড়া পুনর্নির্ধারণের জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। এ লক্ষ্যে আজ বিকেলে সড়ক পরিবহন ও সেতু এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ speednewsbd.com