
স্পোর্টস ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ভারত ও ইংল্যান্ড। বৃহস্পতিবার (৫ মার্চ) ফাইনালের টিকিটের লড়াইয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই ম্যাচ।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে ভারত। ঘরের মাঠে শিরোপা জয়ের লক্ষ্য তাদের স্পষ্ট। অন্যদিকে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন হ্যারি ব্রুক। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন এই ইংলিশ অধিনায়ক। ২০২২ সালে ভারতের বিপক্ষে জিতেই শিরোপার পথে বড় ধাপ এগিয়েছিল ইংল্যান্ড। তবে ২০২৪ সালে গায়ানায় সেমিফাইনালে জয় তুলে নিয়ে সেই হারের প্রতিশোধ নেয় ভারত।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবহাওয়া বড় ফ্যাক্টর হতে পারে। যদিও আবহাওয়া পূর্বাভাস সংস্থা আকুওয়েদার জানিয়েছে, বৃহস্পতিবার মুম্বাইয়ে বৃষ্টির সম্ভাবনা শূন্য শতাংশ। তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তারপরও বৃষ্টি হলে যেন ম্যাচের ফল নির্ধারণ করা যায়, সে জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বৃহস্পতিবার অতিরিক্ত ৯০ মিনিট এবং শুক্রবার ১২০ মিনিট সময় বরাদ্দ রয়েছে, যাতে অন্তত পাঁচ ওভারের খেলা সম্পন্ন করা সম্ভব হয়।
দুই দলের স্কোয়াড:
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রিংকু সিং।
ইংল্যান্ড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টং, লুক উড।