প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন!

স্পোর্টস ডেস্ক : ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ইউরোপজুড়ে। এর রেশ ধরে সেখানকার দেশগুলো আসন্ন ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে বলেও গুঞ্জন ওঠে। একই ধারাবাহিকতায় ‘বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে’ বলে মন্তব্য করেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সদস্য ওকে গটলিশ।
ওই মন্তব্যের পর সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আসন্ন মেগা আসর বয়কট করতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেরকম সম্ভাবনা নাকচ করে দিয়েছে ডিএফবি। গত শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে জার্মান ফেডারেশন জানায়, ‘আমরা খেলাধুলাকে ঐক্যবদ্ধ করার শক্তি এবং ফিফা বিশ্বকাপের বৈশ্বিক প্রভাবের ওপর বিশ্বাস রাখি। আমাদের লক্ষ্য এই ইতিবাচক শক্তিকে আরও জোরদার করা, তা ঠেকিয়ে দেওয়া নয়।’
ডিএফবি আরও জানায়, তাদের নির্বাহী কমিটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বয়কটের বিষয়টি নিয়ে আলোচনা করেছে। গত সপ্তাহে ডিএফবির সহসভাপতি ওকে গটলিশ প্রথম এমন প্রস্তাব উত্থাপন করেন। তারও সমালোচনা করেছে জার্মান ফুটবলের অভিভাবক সংস্থাটি, ‘ক্রীড়া নীতিসংক্রান্ত বিতর্ক অভ্যন্তরীণভাবে হওয়া উচিত, প্রকাশ্যে নয়। বর্তমানে বয়কটের বিষয়টি আমাদের বিবেচনায় নেই। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ডিএফবি রাজনীতি, নিরাপত্তা, ব্যবসা ও ক্রীড়া অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।’
বুন্দেসলিগার ক্লাব সেন্ট পাউলির সভাপতি ও ডিএফবি’র সদস্য গটলিশ ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেছিলেন, বিশ্বকাপ বয়কটের বিষয়টি “গভীরভাবে বিবেচনা” করার সময় এসেছে। গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব এবং এর বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে ট্রাম্প ইউরোপে উত্তেজনা সৃষ্টি করেছেন। পাশাপাশি ভেনেজুয়েলা সংক্রান্ত মার্কিন পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন শহরে বিক্ষোভ মোকাবিলার ধরন নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
অভিভাসন বিরোধী কট্টর নীতির কারণেও যুক্তরাষ্ট্র ভ্রমণে ঝুঁকি আছে বিভিন্ন দেশের নাগরিকদের ওপর। এ ছাড়া সেনেগাল, ইরান, হাইতি ও আইভরিকোস্টের মতো বিশ্বকাপের প্রতিযোগীরাও ভ্রমণ নিষেধাজ্ঞায় রয়েছে। সবকিছু বিবেচনায় সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার গত সপ্তাহে সমর্থকদের বিশ্বকাপ থেকে দূরে থাকার পরামর্শ দেন। তবে প্রেসিডেন্ট থাকাকালে ব্লাটার ইউক্রেন ইস্যুতে উদ্বেগের কারণে রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপ বয়কট আহ্বানের বিরোধিতা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘কোনো দেশেই ফুটবল বয়কট করা যায় না।’
এদিকে, আসন্ন বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্য নিয়েও সমর্থকদের মধ্যে উদ্বেগ রয়েছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অংশগ্রহণকারী কিছু দেশের সমর্থকরা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার মুখে পড়তে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে জার্মান দলের অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ডিএফবি বলেছে, ‘আগামী গ্রীষ্মে আমরা অন্যান্য যোগ্য দলের বিপক্ষে ন্যায্য প্রতিযোগিতায় অংশ নিতে চাই। ২০২৪ সালে আমাদের দেশে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বজুড়ে সমর্থকরা যেন স্টেডিয়াম ও ফ্যান জোনে শান্তিপূর্ণ ফুটবল উৎসব উদ্যাপন করতে পারেন- আমরা সেটাই চাই।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ speednewsbd.com