
স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল–১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাবর আজমকে। বাবর আজম একটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য ২ লাখ ৭৭ হাজার টাকা পেয়ে থাকেন। সেই হিসেবে দশ শতাংশ টাকা গেলে বাবর আজমের কাটা হবে ২৭ হাজার ৭০০ টাকা।
আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে বাবরকে দোষী সাব্যস্ত করা হয়েছে—যা ‘আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের যন্ত্রপাতি কিংবা স্থাপনাগুলোর অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত’। এছাড়া বাবরের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটিই ছিল তার প্রথম অপরাধ।
গত রোববার রাওয়ালপিন্ডিতে তৃতীয় ওয়ানডেতে বাবর শাস্তিযোগ্য অপরাধটি করেন পাকিস্তানের ইনিংসে ২১তম ওভারে। আউট হওয়ার পর ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। পরবর্তী সময়ে বাবর নিজের অপরাধ স্বীকার করেন এবং আইসিসি আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি আলী নকভির প্রস্তাবিত শাস্তিও মেনে নেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বাবরের বিরুদ্ধে অভিযোগটি আনেন অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রশিদ রিয়াজ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি। সাধারণত লেভেল–১ ভঙ্গের শাস্তি হিসেবে ন্যূনতম সতর্কবার্তা থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়।
শ্রীলংকার বিপক্ষে এই সিরিজটা দারুণ কেটেছে বাবর আজমের। তিন ম্যাচে ৮২.৫০ গড়ে যৌথভাবে সর্বোচ্চ ১৬৫ রান করেন বাবর। দ্বিতীয় ওয়ানডেতে বাবর অপরাজিত ছিলেন ১০২ রানে। এই সিরিজে শ্রীলংকাকে ৩–০ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।